বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া ও চীন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মঙ্গলবার (১৫ এপ্রিল) স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশ তাদের সক্ষমতা ও সম্পদকে কাজে লাগিয়ে বৈশ্বিক সংকট নিরসনে সচেষ্ট রয়েছে।
জাখারোভা উল্লেখ করেন, রাশিয়া ও চীন দুটি বিশাল সভ্যতা, পারমাণবিক শক্তিধর দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের ভূ-রাজনৈতিক অবস্থান ও প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মস্কো ও বেইজিং অঞ্চল ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাসী নয়; বরং আন্তর্জাতিক সম্পর্ককে স্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য।
সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনাকর বৈশ্বিক পরিস্থিতিতে রাশিয়া-চীনের এই ঘনিষ্ঠতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক ভারসাম্য তৈরি করতে পারে।