মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরের মাঝেও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিরতি না নিয়েই তিনি চালিয়ে যাচ্ছেন তার হাতে থাকা দুটি আলোচিত সিনেমা—‘রাকা’ ও ‘কিং’-এর কাজ।
হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, পরিচালক অ্যাটলি কুমারের প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা ‘রাকা’-এর শুটিং শুরু করেছেন দীপিকা। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন। গর্ভাবস্থায় থাকা সত্ত্বেও কঠিন সব অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন তিনি। তবে নির্মাতারা তার নিরাপত্তার কথা মাথায় রেখে শুটিংয়ের সময়সূচিতে বিশেষ পরিবর্তন এনেছেন।
পাশাপাশি শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এর বাকি থাকা অংশের কাজও শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। এর আগেও প্রথম সন্তান জন্মের আগে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার শুটিং করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া দীপিকা ২০২৪ সালে প্রথম কন্যা সন্তানের মা হন।