মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মিরপুরের তপ্ত রোদে নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর আগুনের গোলা ছুড়লেন নাহিদ রানা। প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ওয়ানডেতেই স্বরূপে ফিরলেন এই তরুণ গতিদানব। ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় শিকার করেছেন ৫টি মূল্যবান উইকেট। অথচ সিরিজের প্রথম ম্যাচেই ৬৫ রান দিয়ে পেয়েছিলেন মাত্র একটি উইকেট।
নিজের এই ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে নাহিদ রানা জানান, প্রথম ম্যাচে পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি থাকলেও দ্বিতীয় ম্যাচে তিনি সফল হয়েছেন। মিরপুরের প্রচণ্ড গরমেও টানা ১৪০ কিমি গতির ওপরে বোলিং করে বিস্ময় জাগিয়েছেন এই পেসার। অবাক করা বিষয় হলো, তার ৫ উইকেটের ৪টিই এসেছে নতুন স্পেলের প্রথম ওভারে।
নিজের ফিটনেস রহস্য নিয়ে নাহিদ বলেন, “আল্লাহর রহমতে ফিট আছি। ট্রেনারদের সাথে নিয়মিত কাজ করি যাতে মাঠে কখনো ক্লান্তিবোধ না হয়। জিম আর রানিং সেশনে নিজেকে উজাড় করে দিই।”
উইকেট শিকারের চেয়ে দলের জয়ে অবদান রাখাকেই বড় করে দেখছেন এই পেসার। তিনি স্পষ্ট জানান, “আমি সবসময় দলে ইমপ্যাক্ট তৈরি করতে চাই। সেটা একটা ওভার বা একটা স্পেল দিয়েও হতে পারে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
পেসারদের চিরচেনা শত্রু ‘ইনজুরি’ নিয়ে নাহিদ রানার দর্শন বেশ সাহসী। তিনি বলেন, “যুদ্ধে নামলে গুলি খাওয়ার ভয় করা চলবে না। ইনজুরি খেলারই অংশ। তবে বিসিবির ফিজিও এবং ম্যানেজমেন্ট আমাদের ওয়ার্কলোড দারুণভাবে নিয়ন্ত্রণ করছেন।” পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট নেওয়ার পর কিউইদের বিপক্ষে এই পারফরম্যান্স নাহিদ রানাকে দেশের পেস আক্রমণের অন্যতম আস্থার প্রতীকে পরিণত করল।