মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, জমা পড়া ৫৩টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩ জন, স্বতন্ত্র জোট থেকে ১ জন এবং স্বতন্ত্রভাবে আরও ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল আবেদনকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এর মধ্যে ২২ তারিখ জামায়াত জোট ও স্বতন্ত্রদের এবং ২৩ তারিখ বিএনপি জোটের প্রার্থীদের কাগজপত্র পরীক্ষা করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে পরবর্তী দুই দিনে।
রিটার্নিং কর্মকর্তা জানান, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে এই সংরক্ষিত আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংসদের আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এবার বিএনপি ৩৬টি ও জামায়াত ১৩টি সংরক্ষিত আসন পাচ্ছে। প্রার্থী সংখ্যা আসনের সমান হলে এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।