মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

‘গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম’

‘গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংরক্ষিত নারী আসনে শোবিজ তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ত্যাাগী ও যোগ্য নারী কর্মীদের মূল্যায়নের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও রুকাইয়া জাহান চমকসহ শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় ছিলেন। তবে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত বিএনপির চূড়ান্ত তালিকায় তাদের কাউকেই রাখা হয়নি। দলটির এই সিদ্ধান্তের প্রশংসা করে মঙ্গলবার (২১ এপ্রিল) ফেসবুকে ন্যানসি লেখেন—

“গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল—এসব তারকাদের শো-পিস না বানিয়ে; ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”

ন্যানসির এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের বড় একটি অংশ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া তিন দিনের মনোনয়ন ফরম বিক্রিতে প্রায় ১ হাজার ৩০০ নারী অংশ নিলেও শেষ পর্যন্ত দলের তৃণমূল ও ত্যাগী নেত্রীদের ওপরই আস্থা রেখেছে বিএনপি। দলটির এই ব্যতিক্রমী সিদ্ধান্ত এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com