বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

পে-স্কেলে প্রথম ধাপে সুখবর পাচ্ছেন যারা

পে-স্কেলে প্রথম ধাপে সুখবর পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে নিম্ন আয়ের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আসন্ন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে, যা দিয়ে নতুন বেতন কাঠামোর মূল বেতনের প্রায় অর্ধেক কার্যকর হতে পারে। বিশেষ করে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বেতন কমিশন সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে, যার বড় অংশই প্রথম পর্যায়ে কার্যকর হতে পারে।

পেনশন ও ভাতায় বড় পরিবর্তন:
যাঁরা বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে উচ্চ অঙ্কের পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৫৫ থেকে ৭৫ শতাংশ। এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব প্রথম ধাপেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

মানবিক উদ্যোগ ও উচ্চপদস্থদের বেতন:
সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসিক ২,০০০ টাকা ভাতার প্রস্তাবটি প্রথম ধাপেই কার্যকরের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে অর্থ বিভাগ। অন্যদিকে, মেধা ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন পুনর্বিন্যাসের পরিকল্পনা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা পরবর্তী দুই অর্থবছরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com