বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাজ্যের নটিংহামের বাসিন্দা মিশেল ও লাভিনিয়া অসবোর্ন। ১৯৭৬ সালে জন্ম নেওয়া এই দুই যমজ বোন অনাথ আশ্রমে বড় হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি কঠিন সময়ে ছিলেন একে অপরের ছায়া। কিন্তু ২০২২ সালের একটি ডিএনএ রিপোর্ট তাদের সারা জীবনের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। যমজ হওয়া সত্ত্বেও জানা যায়, তাদের জৈবিক বাবা আলাদা!
চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত বিরল এই ঘটনাকে বলা হয় ‘হেটেরোপ্যাটারনাল সুপারফেকান্ডেশন’। এটি ঘটে তখন, যখন একজন নারীর একই ঋতুচক্রে দুটি ডিম্বাণু ভিন্ন ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। বিশ্বজুড়ে এমন নজির রয়েছে মাত্র ২০টির মতো, যার মধ্যে যুক্তরাজ্যে এটিই প্রথম নথিভুক্ত ঘটনা।
২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি, যেদিন তাদের মা মারা যান, সেদিনই ডিএনএ রিপোর্ট হাতে পান মিশেল। রিপোর্টে দেখা যায় তারা যমজ হলেও আসলে তারা ‘হাফ-সিস্টার’ বা সৎ বোন। পরে অনুসন্ধানে জানা যায়, মিশেলের বাবা অ্যালেক্স এবং লাভিনিয়ার বাবা আর্থার। বর্তমানে লাভিনিয়া তার বাবার সাথে সুসম্পর্ক গড়ে তুললেও মিশেলের সাথে তার যমজ সত্তার বন্ধন আগের মতোই অটুট রয়েছে। মিশেল বলেন, সে আমার যমজ বোন—এর চেয়ে বড় সত্য আর কিছু নেই।