রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের অর্থনীতি এখনো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং ঋণাত্মক অবস্থা থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত আরও দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেল-গ্যাস খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া ৫০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করতে হওয়ায় সরকার কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।
স্বাস্থ্যখাতের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী বাজেটে এই খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং দরিদ্রদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। এজন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, মেডিকেল শিক্ষার মানোন্নয়নে রাজনৈতিক প্রভাবে ভর্তি বন্ধ করা এবং দক্ষ জনবল তৈরিতে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে হাসপাতালের নতুন ভবনে পার্কিং সুবিধা ৭২টি থেকে বাড়িয়ে ২৫০টিতে উন্নীত করার পরামর্শ দেন অর্থমন্ত্রী।