রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের সাথে আলাপ-আলোচনার মধ্য দিয়ে অবিলম্বে ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকার বিষয়টি গঙ্গার পানিবণ্টন বা ফারাক্কা চুক্তির ন্যায্যতার ওপরই নির্ভর করবে।” তিনি স্পষ্ট জানান, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করতে দেওয়া হবে না। ২০২৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের বৈধ সরকার এবং এর বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় দেশবাসীকে সংগঠিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্র অর্জন করেছে, সেখানে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
আলোচনা সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত থেকে জাতীয় স্বার্থ রক্ষায় নদী ও পানির ন্যায্য অধিকার আদায়ের তাগিদ দেন।