রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: 

ফ্যামিলি কার্ডের টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটি ক্ষমতায়ন তৈরি করবে,বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। তৎকালীন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো এই প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করলেও সরকার এখন তা সফলভাবে বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদেরও দ্রুতই সম্মানীর কার্ডের আওতায় আনা হবে।

গৌরনদী উপজেলাকে এই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় এসেছেন। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গৌরনদী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com