রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী ৭ জুন (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদ নির্বাচন। মিরপুরে বিসিবির বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে এবং একই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। শনিবার বিসিবির নির্বাচন কমিশন এই নির্বাচনী তফসিল ঘোষণা করে।
এর আগে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য দুই সদস্য হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এ.বি.এম. এহসানুল মামুন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল রোববার বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সোমবার আপত্তি গ্রহণ ও মঙ্গলবার শুনানির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২০ মে থেকে শুরু হয়ে ২১ মে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ২০ হাজার টাকা মূল্যে মনোনয়নপত্র বিক্রি হবে। ২১ ও ২২ মে মনোনয়নপত্র দাখিল, ২৩ মে যাচাই-বাছাই এবং ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
এবারের নির্বাচনে ঢাকার বাইরে থাকা ভোটারদের জন্য পোস্টাল ও ই-ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে, যার আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। ১ থেকে ৬ জুনের মধ্যে ব্যালট পাঠানো হবে এবং ৭ জুন দুপুর ১টার মধ্যে তা ফেরত দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে কাউন্সিলরদের ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন এবং ২ জন পরিচালক সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে নিজেদের মধ্য থেকে ভোট দিয়ে বিসিবির নতুন সভাপতি নির্বাচন করবেন। মোট ৩টি ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১: ১০ জন, ক্যাটাগরি-২: ১২ জন, ক্যাটাগরি-৩: ১ জন) এই ২৩ জন পরিচালক পদে লড়াই হবে।