রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ২৫ বছর পর কুমিল্লা সফরে গিয়ে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় এক পথসভায় বক্তব্য দেন তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের এই সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিনটি প্রধান দাবি তুলে ধরেন। জনগণের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। একই সাথে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, “বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে।” তিনি আরও বলেন, “জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।”

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার দেশের ওপর যেমন অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি অর্থ লোপাটও করেছে। ফলে দেশের অর্থনীতি এখন কিছুটা চাপের মুখে রয়েছে। এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com