রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন। এ নিয়ে গত দুই মাসে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৫৩টি শিশু প্রাণ হারিয়েছে। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই সিলেট বিভাগের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৬ হাজার ৫৭২টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ল্যাব টেস্টে ৭ হাজার ৫২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ২৮ শিশু হাসপাতালে ভর্তি হলেও, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫ জন। চিকিৎসকরা শিশুদের হামের উপসর্গ দেখা দিলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।