রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ

তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ! তপু বর্মনের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদেরই মাঠে এটি বাংলাদেশের প্রথম ঐতিহাসিক জয়। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোলই করেছেন ‘বাংলার রামোস’ খ্যাত ডিফেন্ডার তপু বর্মন।

ম্যাচের ১৯ মিনিটে শেখ মোরসালিনের চমৎকার ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন তপু। তবে স্বাগতিক সান মারিনো সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির পাসে গোল করে ম্যাচে সমতা ফেরান গিয়াচোপেত্তি। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরে।

বিরতির পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৮৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হামজা চৌধুরীর স্পটকিক থেকে ডি-বক্সে তৈরি হওয়া জটলায় বল পান বিশ্বনাথ হালদার। তার শট থেকে বল পেয়ে ফাঁকায় থাকা তপু বর্মন নিখুঁত হেডে বল জালে জড়ান। হামজার কিকের পর তপু ভারসাম্য হারিয়ে পড়ে গেলেও, দ্রুত উঠে দাঁড়িয়ে জয়সূচক গোলটি করে দলকে উল্লাসে ভাসান।

ফিফা র‍্যাংকিংয়ে সান মারিনোর চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ মাঠের লড়াইয়েও সেই আধিপত্য বজায় রাখল। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে শুভসূচনা করলেন থমাস ডুলি। ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে সান মারিনোর মাটিতে এই জয় নিশ্চিতভাবেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com