রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও বড় ধরনের ভাঙনের আভাস দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার জোট ত্যাগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির নেতাদের অভিযোগ— রাজনৈতিক আদর্শগত মতপার্থক্য, আসন সমঝোতায় ব্যর্থতা এবং সিদ্ধান্ত গ্রহণে জামায়াতের একক আধিপত্য ও অবমূল্যায়নের কারণেই তারা জোট থেকে সরে দাঁড়াচ্ছেন।
খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, এটি মূলত একটি নির্বাচনি সমঝোতা ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা না হওয়ায় তারা আলাদাভাবে অংশ নেন এবং তখন থেকেই কার্যত জোটের বাইরে আছেন। এমনকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত আন্দোলন ১০টি আসন দাবি করলেও জামায়াত কোনো সমর্থন দেয়নি। দলের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী জানিয়েছেন, আগামী ১০ তারিখ মজলিসে আমেলার বৈঠকে জোটে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইসলামপন্থী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে ‘আন্দোলনরত আট দল’ গঠিত হয়, যা পরে ১১ দলীয় জোটে রূপ নেয়। তবে শুরু থেকেই আসন বণ্টন নিয়ে অসন্তোষ থাকায় চলতি বছরের ১৬ জানুয়ারি জোট থেকে নাম প্রত্যাহার করে নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার খেলাফত আন্দোলনের এই সিদ্ধান্তের ফলে জোটের কার্যকারিতা চরম সংকটে পড়ল।