রবিবার, ০৭ Jun ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বেলা ১১টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যৌথভাবে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন। একই সাথে দেশের সব জেলা পর্যায়ে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে ৫ আগস্ট ঢাকা ও দেশের সব জেলার জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোকসজ্জা করা হবে।
এছাড়া দেশজুড়ে প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, বিনা টিকিটে জাদুঘর দেখার সুযোগ এবং হাসপাতাল, কারাগার ও শিশু কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি মূল কমিটি এবং স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি উপকমিটি গঠন করা হয়েছে।