সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভুটানে পরপর তিন দফা ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। রোববার (৭ জুন) দিবাগত রাতে প্রথম ও সবচেয়ে শক্তিশালী কম্পনটি অনুভূত হয়, যার প্রভাব দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে ঢাকাসহ মধ্যাঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উত্তর-পূর্বাঞ্চলে ২৪ কিলোমিটার গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের মতে এর মাত্রা ছিল ৫.৬। প্রথম ঝাঁকুনিতে দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
এনসিএসের তথ্য অনুযায়ী, প্রথম প্রধান কম্পনের পর আরও দুই দফা পরাঘাত (আফটারশক) অনুভূত হয়। প্রথমটির ১১ মিনিট পর রাত ১১টা ৪৮ মিনিটে ২.৮ মাত্রা এবং এর ৩৪ মিনিট পর রাত ১২টা ২২ মিনিটে ২.৪ মাত্রার আরও দুটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।