সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি কেমন, তা জনগণই বিচার করবে। তবে এই মুহূর্তে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা আইনের শাসন বাস্তবায়নে জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে।
সোমবার (৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদস্যদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নীতি স্পষ্ট করে বলেন, আমরা ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ (পুরস্কার ও শাস্তি) নীতিতে বিশ্বাসী। ভালো কাজের জন্য স্বীকৃতি এবং মন্দ কাজের জন্য তিরস্কার—এটাই আমাদের অবস্থান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয় এবং তারা মাঠপর্যায়ে কোনো তদন্ত করে না, বরং পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে। তাই এই প্রতিবেদনের চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের প্রকৃত পরিসংখ্যানের ওপর নজর দিতে তিনি আহ্বান জানান।
তিনি আরও যোগ করেন, পত্রিকায় প্রকাশিত যেকোনো খবরের সত্যতা যাচাইয়ের জন্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তবে শুধু পেপার কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি টিআইবির প্রতিবেদন নিয়ে তিনি মন্তব্য করতে চান না।