সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা মহানগরীর পানির সংকট দূর করতে নারায়ণগঞ্জ রূপগঞ্জের গন্ধর্বপুরে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু হলে ঢাকা শহরে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে।
আজ সোমবার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মূল শোধনাগারের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ। প্রকল্পটি চালু হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা অনেক কমবে। মন্ত্রী আরও জানান, প্রথম পর্যায় শেষে আরেকটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে দুটি প্রকল্প মিলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার সরবরাহ করা যাবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে সরাসরি উপকৃত হবে প্রায় ৪৩ লাখ মানুষ। এটি শীতলক্ষ্যা নদীর দূষণঝুঁকি মোকাবিলাসহ ঢাকার দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করবে। পরিদর্শনকালে স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।