বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলার জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (১০ জুন) ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে। গত এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। খবর রয়টার্সের।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়ায় তারা মঙ্গলবার ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সাইটসহ প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে ৪ ঘণ্টাব্যাপী বিমান হামলা চালায়। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রতিক্রিয়াকে ‘খুব জোরালো ও শক্তিশালী’ বলে আখ্যা দেন।
ট্রাম্পের এই বিবৃতির পরই পাল্টা আঘাত হানে ইরান। আইআরজিসি জানায়, তারা জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং কুয়েত ও বাহরাইনের মার্কিন নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। তবে জর্ডান, কুয়েত ও বাহরাইন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করেছে এবং এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একজন মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, প্রায় সব হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে এই সংঘাতের জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে গেছে।