বুধবার, ১০ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল বিশ্বসেরার লড়াইয়ে নামছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই ফুটবল মহাযজ্ঞের অবসান ঘটবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।
এবারের আসরটি যেমন মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ ভাগ্য কিংবা ইংল্যান্ডের ৬০ বছরের খরা কাটার সমীকরণ, তেমনই এটি ঘিরে রয়েছে নানা বিতর্কও। ২০২২ সালের কাতার বিশ্বকাপের চেয়ে এবার টিকিটের দাম আকাশচুম্বী করা হয়েছে, যেখানে সর্বোচ্চ টিকিটের মূল্য ঠেকেছে প্রায় ৩৩ হাজার ডলারে! খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই লাগামহীন মূল্যে বিস্ময় প্রকাশ করেছেন। এছাড়া ভূ-রাজনীতি ও ভিসা জটিলতার কারণে ইরান তাদের বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়েছে।
বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করতে ফিফা এবার একগুচ্ছ নতুন নিয়ম এনেছে। সময় অপচয় রুখতে ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড় বদল, তীব্র গরমের কারণে ‘কুলিং ব্রেক’ এবং বর্ণবাদবিরোধী কঠোর নিয়মের পাশাপাশি ফাইনালে থাকছে ২৫ মিনিটের বিশেষ ‘হাফটাইম শো’, যেখানে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস-এর মতো বিশ্বখ্যাত তারকারা।