বুধবার, ১০ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে হতাহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে কোনো ব্যক্তি নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে। বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনী ডিউটিতে কোনো দুর্ঘটনা বা হামলায় নিহত ব্যক্তির পরিবার ১০ লাখ টাকা এবং আকস্মিক অসুস্থতায় মারা গেলে ৬ লাখ টাকা পাবেন। এছাড়া গুরুতর আহত বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৩ থেকে ৪ লাখ টাকা, অস্থায়ী বা সাময়িক অক্ষমতায় ৫০ হাজার থেকে ২ লাখ টাকা এবং সাধারণ বা ব্যয়বহুল চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অনুদান পেতে ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।