বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে খাগড়াছড়ির গুইমারা থেকে এক নারীকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৩ জুনের এই ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভুক্তভোগীর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ওই নারীকে ভালো চাকরির আশ্বাস দিয়ে চট্টগ্রামে নিয়ে যান প্রতিবেশী গ্রাম বড়ইতলীর বাসিন্দা ম্রাচাই মারমা। অভিযোগ রয়েছে, ওই রাতে হাটহাজারী এলাকার একটি বাসায় নিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে মূল অভিযুক্ত ম্রাচাই মারমাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, অভিযুক্তকে থানায় আনা হচ্ছে। লিখিত অভিযোগ ও মামলা দায়ের সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।