শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প

শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফুটবল বিশ্বকাপ আর লাতিন পপতারকা শাকিরা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ থেকে শুরু করে ছাব্বিশের (২০২৬) বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ—সবখানেই তার জয়জয়কার। তবে মাঠ ও মঞ্চের আলো ছড়ানো এই তারকার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিচ্ছেদ সবসময়ই থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পপ সম্রাজ্ঞী শাকিরার জীবনের তিন আলোচিত প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে এই প্রতিবেদন:

১. ওসভালদো রিওস: প্রথম প্রেম ও আধ্যাত্মিক সংযোগ
১৯৯৭ সালে যখন শাকিরা ২০ বছরের তরুণী, তখন ৩৬ বছর বয়সী অভিনেতা ওসভালদো রিওসের সঙ্গে প্রেমে জড়ান তিনি। ১৬ বছরের ব্যবধানের এই সম্পর্ক মাত্র ৮ মাস স্থায়ী হলেও তা ছিল বেশ গভীর। ওসভালদোর মতে, তাদের সম্পর্কটি শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক ছিল। শাকিরার বিখ্যাত গান ‘ইউ’ ওসভালদোকে উৎসর্গ করেই লেখা হয়েছিল। শাকিরাকে আরও উঁচুতে ওড়ার সুযোগ দিতেই একসময় তারা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

২. আন্তোনিও দে লা রুয়া: ১০ বছরের দীর্ঘ অধ্যায়
ওসভালদোর পর আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে ও আইনজীবী আন্তোনিও দে লা রুয়ার সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা এক দশক স্থায়ী ছিল এই সম্পর্ক। আন্তোনিও দীর্ঘ সময় শাকিরার আইনজীবী ও ক্যারিয়ারের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। ২০১২-১৩ সালের দিকে আন্তোনিও শাকিরার ক্যারিয়ার গড়ার পেছনে অবদান দাবি করে ক্ষতিপূরণ মামলা করলেও আদালত তা খারিজ করে দেন।

৩. জেরার্ড পিকে: মিউজিক ভিডিওর প্রেম ও এক যুগের সংসার
২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র শুটিংয়ে স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের প্রেমে পড়েন শাকিরা। ২০১১ সালে তারা সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিয়ে না করলেও এক ছাদের নিচে কাটান দীর্ঘ ১২ বছর। তাদের কোল আলো করে আসে দুই সন্তান—মিলান ও সাশা। তবে ২০২২ সালের জুনে এক যৌথ বিবৃতির মাধ্যমে এই তারকা জুটির এক যুগের সম্পর্কের নাটকীয় অবসান ঘটে।

বর্তমানে কেমন আছেন শাকিরা?
পিকের সঙ্গে বিচ্ছেদের পর পিকে নতুন সম্পর্কে জড়ালেও ৪৯ বছর বয়সী শাকিরা এখন সিঙ্গেল। বিভিন্ন সময়ে ব্রিটিশ অভিনেতা লুসিয়েন ল্যাভিসকাউন্ট বা রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টনের সঙ্গে তার নাম জড়ালেও শাকিরা সাফ জানিয়েছেন, তার জীবনে এখন প্রেমের সময় বা জায়গা নেই। দুই সন্তান আর নিজের ক্যারিয়ারই এখন তার একমাত্র অগ্রাধিকার। একা থাকার এই সময়টা বেশ উপভোগ করছেন বলেও জানান এই পপ তারকা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com