বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রাম: বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলেন ১৮৪ জন নতুন অফিসার। দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের এই ক্যাডেটরা কমিশন লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিএমএ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
নবীন অফিসারদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হলো।” তিনি সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিএমএ-তে আজ ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান।
এবারের কোর্সে কমিশনপ্রাপ্তদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী অফিসার রয়েছেন। এ ছাড়া ফিলিস্তিন, তানজানিয়া, জাম্বিয়া ও মালদ্বীপের ৭ জন বিদেশি ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ ও ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ লাভ করেন। সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ অর্জন করেন তানজানিয়ার সার্জেন্ট আবু বকর।
অনুষ্ঠান শেষে অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন। সেনাপ্রধান বিএমএ-তে নবনির্মিত সিএমএইচ, পার্ক, সুইমিং পুল ও এমইএস অফিস কমপ্লেক্স উদ্বোধন করেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।