শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বড় ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে তারা ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েটদের কাছে হারের মধুর প্রতিশোধও নিল।
ম্যাচে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। এছাড়া দলের হয়ে বাকি দুটি গোল করেন জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড।
টরোন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ম্যাচের ১২তম মিনিটে ননি মাদুয়েকেকে বক্সের ভেতর লুকা মড্রিচ ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেইনের প্রথম শট ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও, তিনি লাইন ছেড়ে আগে বেরিয়ে আসায় পুনরায় শটের নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে গোল করে দলকে এগিয়ে নেন কেইন। ৩৬তম মিনিটে মার্তিন বাতুরিনার গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে ৪২তম মিনিটে কর্নার থেকে চমৎকার হেডে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে আবার এগিয়ে নেন কেইন। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে ১০টি গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা গ্যারি লিনেকারের পাশে বসলেন ইংলিশ অধিনায়ক।
প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৫ মিনিটে) পেতার মুসার গোলে আবারও ২-২ সমতায় ফেরে ক্রোয়েটরা। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ‘থ্রি লায়ন্স’রা। দ্বিতীয়ার্থের শুরুতেই ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ গোল করেন জুড বেলিংহাম। আর ৮৫ মিনিটে মার্কাস রাশফোর্ড চতুর্থ গোলটি করলে ক্রোয়েশিয়ার ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়।
আগামী মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার মুখোমুখি হবে ইংল্যান্ড।