শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গত ২৬ জুন ভারতের ৩ হাজার ২০০টি পর্দায় মুক্তি পায় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তিটি। পরিচালক আহমেদ খানের এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর আবারও বড় পর্দায় জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।
মিশ্র প্রতিক্রিয়া ও বক্স অফিস কালেকশন:
মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামা একে ৫-এ ৩.৫ রেটিং দিলেও এনডিটিভি ও ইন্ডিয়া টুডে দিয়েছে ২.৫। তবে রেটিং যাই হোক, বক্স অফিসে আয়ের ধারা বেশ শক্ত। বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, প্রথম ৫ দিনে সিনেমাটি ভারতে ৯৭.১৭ কোটি রুপি এবং বিদেশে ২২.২৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে ৫ দিনে বিশ্বব্যাপী এর গ্রস আয় দাঁড়িয়েছে ১২০.১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৬ কোটি ৩২ লাখ টাকা)। অন্যদিকে ‘বলি মুভি রিভিউজে’র মতে, ৫ দিনে বিশ্বব্যাপী এর গ্রস আয় ১১২.২ কোটি রুপি।
বিশাল তারকাবহর ও অক্ষয়ের বড় ত্যাগ:
৩২ জনেরও বেশি জনপ্রিয় তারকা নিয়ে নির্মিত এই সিনেমাটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাল্টিস্টারার প্রজেক্ট। অক্ষয়-রাভিনা ছাড়াও এতে অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, দিশা পাটানি ও জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারা। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১১5 কোটি রুপি। তবে চমকপ্রদ তথ্য হলো, এই সিনেমার জন্য প্রধান অভিনেতা অক্ষয় কুমার কোনো পারিশ্রমিক (ফি) নেননি। ২০০৭ ও ২০১৫ সালের পর প্রায় ১১ বছরের বিরতিতে দর্শক মাতাতে এলো ‘ওয়েলকাম’ সিরিজের এই নতুন সিক্যুয়েল।