বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে যুদ্ধের ভয়াবহতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষ নিজ নিজ অবস্থান তুলে ধরেছে।
বৈঠকে লেবাননে ইসরায়েলি হামলা এবং মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম বৃদ্ধির কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরানি প্রতিনিধি দল। পাল্টা সতর্কবার্তায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানিয়েছেন, সমঝোতার শর্ত লঙ্ঘন হলে পুরো চুক্তিই ভেস্তে যেতে পারে। তবে চুক্তি তদারকির জন্য উভয় পক্ষ একটি ‘দ্রুত যোগাযোগ মাধ্যম’ চালুর বিষয়ে একমত হয়েছে।
বৈঠকে ইরানের জব্দকৃত অর্থের একটি অংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় ব্যবহারের বিষয়ে অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করলেও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি পুনরায় চালু করলে ওয়াশিংটনের হাতে সব ধরনের ‘বিকল্প পথ’ খোলা রয়েছে। এছাড়া, ইরানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়েও তেহরান তার আগের কঠোর অবস্থানেই অটল রয়েছে।