বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচকভাবে এগোনোর ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। এর প্রভাবে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭১.৫৭ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ১.৩২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮.৫৮ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকগুলো অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
এই দরপতনের ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ ডলার কমেছে, যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তেলের দাম প্রায় ৩১ ডলার কমেছে, যা ২০২০ সালের মহামারির পর বৃহত্তম ত্রৈমাসিক পতন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুরোপুরি চালু হলে বাজারে তেলের সরবরাহ আরও বাড়বে, যার কারণে দীর্ঘমেয়াদি তেলের দামের পূর্বাভাসও কমতে শুরু করেছে।