শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিকাশ-নগদ-ব্যাংক এক প্ল্যাটফর্মে, আজ থেকে ‘বাংলা কিউআর’

বিকাশ-নগদ-ব্যাংক এক প্ল্যাটফর্মে, আজ থেকে ‘বাংলা কিউআর’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই সব ধরনের লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ। এখন থেকে শপিং মল থেকে শুরু করে ফুটপাতের ছোট দোকানদার—সবাই একই কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট নিতে পারবেন।

সহজ ও সাশ্রয়ী লেনদেন
প্রচলিত কার্ডভিত্তিক লেনদেনে যেখানে ব্যয়বহুল পিওএস (POS) মেশিনের প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআরে শুধু একটি সাধারণ স্টিকার দিয়েই পেমেন্ট নেওয়া সম্ভব। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজেই ডিজিটাল লেনদেনের আওতায় আসবেন। এছাড়া এতে কার্ড ক্লোনিং বা পিন চুরির ঝুঁকি না থাকায় এটি অত্যন্ত নিরাপদ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাধ্যতামূলক করার অর্থ হলো—কোনো দোকানে এখন আর নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের কিউআর থাকলে চলবে না। বাংলা কিউআরের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি মাত্র কিউআর স্ক্যান করেই পেমেন্ট করা যাবে।

সেবাদাতাদের প্রস্তুতি
বিকাশের করপোরেট কমিউনিকেশন্স প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “অভিন্ন বাংলা কিউআর চালুর ফলে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও বিস্তৃত হবে এবং গ্রাহকরা ঝামেলাহীনভাবে ক্যাশলেস লেনদেন করতে পারবেন।” বিকাশ ইতোমধ্যে কিউআর প্রতিস্থাপনের কাজ জোরেশোরে চালাচ্ছে।

অন্যদিকে, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম খান জানান, তাদের ব্যাংক শতভাগ প্রস্তুত এবং প্রতিদিন বাংলা কিউআরের মাধ্যমে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে নতুন গতি আনবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com