বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সংযত করতে ব্যর্থ হয়, তবে ইরান নিজেই তেল আবিবকে ‘শিক্ষা’ দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রোয়া নিউজ।
সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত’ করা হয়েছে এবং তেহরান-ওয়াশিংটন আলোচনার মধ্যেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এর জবাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা’র প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, চুক্তির শর্তগুলো সবার সামনে স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখবে। ইসরায়েল যদি এটি উপেক্ষা করে, তবে ইরানের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে তেহরান অবিলম্বে ও শক্তিশালী উপায়ে পাল্টা আঘাত হানবে।