রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি বেছে নেবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবার নির্বাচনে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতি পেতে যাচ্ছে একদম নতুন নেতৃত্ব। এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কার্যনির্বাহী সদস্য ও অন্যান্য পদে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেল ও প্রার্থীদের একনজরে রূপরেখা:
আরমান–মুক্তি প্যানেল: এই প্যানেল থেকে সভাপতি পদে ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা।
শিবা সানু–জয় চৌধুরী প্যানেল: এই প্যানেলে সভাপতি পদে খল অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেতা জয় চৌধুরী। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন গুণী অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব।
স্বতন্ত্র ও সদস্য পদ: সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র লড়ছেন ইউসুফ খান। এছাড়া ১১টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে আলীরাজ, ববি, কাবিলা, কায়েস আরজু, নাসরিন, জলি, শিরিন শিলা ও শিপন মিত্রসহ দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।