শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিএফডিসি প্রাঙ্গণে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হয়েছেন।
ভোটারদের রায়ে সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রোমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন: সহ-সভাপতি ডিএ তায়েব ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল।
এছাড়া কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন— কায়েস আরজু, আলি রাজ, নাসরিন, জেসমিন আক্তার, শিপন মিত্র, সুশান্ত, রাকা আলম, শিরিন শিলা, চিকন আলী, কাবিলা এবং ফরহাদ। বিজয়ী সদস্যদের মধ্যে ৭ জন শিবা-জয় পরিষদ এবং ৪ জন আরমান-মুক্তি পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।