সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের মাঝে প্যারাগুয়ের রক্ষণ দেয়াল ভেঙে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা পৌঁছে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। আগামী ১০ জুলাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে ফরাসীরা।
পুরো ম্যাচজুড়েই প্যারাগুয়ের লক্ষ্য ছিল ফ্রান্সের আক্রমণভাগের ছন্দ নষ্ট করা। রক্ষণাত্মক কৌশলের পাশাপাশি কিছু দৃষ্টিকটু ফাউলের কারণে ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে হাতাহাতিও হয়, যা থামাতে এগিয়ে আসতে হয় ফরাসি কোচ দিদিয়ের দেশমকে। ম্যাচের প্রথম ৭০ মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য সমতায় ছিল।
ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে নামা পিএসজি ফরোয়ার্ড দেজিরে দুয়েকে বক্সের ভেতর ফাউল করা হলে রেফারি ভিএআর (VAR) দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। ৭০ মিনিটে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। এই গোলের পর এমবাপে ও দেম্বেলের আক্রমণ এবং কোনের দুর্দান্ত শট প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল দারুণ দক্ষতায় প্রতিহত না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
এই গোলের মাধ্যমে চলতি আসরে লিওনেল মেসির সমান সপ্তম এবং বিশ্বকাপে নিজের ১৯তম গোলটি পেয়ে গেলেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির (২০ গোল) চেয়ে এখন মাত্র এক গোল পিছিয়ে আছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড।