সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়েছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনা অধিনায়ক মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, পর্তুগিজ তারকা রোনালদো এক ক্ষতিগ্রস্ত শিশুকে ভিডিও বার্তা পাঠিয়ে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
গত ২৪ জুন উত্তর ভেনিজুয়েলায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৪ জনে এবং আহত হয়েছেন ১৬,৫৯২ জন। এছাড়া প্রায় ৪১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বিপর্যয়ের মুখোমুখি ভেনিজুয়েলবাসীকে সাহস জুগিয়ে মেসি বলেন, “যারা অনেক কষ্টে আছেন, প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং চরম অনিশ্চয়তার মধ্যে আছেন, তাদের সবার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা।”
এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এক ক্ষতিগ্রস্ত শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণও জানিয়েছেন। বর্তমানে ভেনিজুয়েলায় উদ্ধারকাজ চললেও খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।