সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত জনতার কান্না নিয়ে বিস্ময় ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করত। সেখানে মানুষের কান্না দেখে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘হয়তো এগুলো নকল কান্না।’
একই সাক্ষাৎকারে ইরানি নেতৃত্বকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প দাবি করেন, চাইলে এক গুলিতেই ইরানের বাকি শীর্ষ নেতৃত্বকে হত্যা করা সম্ভব। তবে আলোচনার সুযোগ নষ্ট না করতেই যুক্তরাষ্ট্র তা করছে না। তিনি আরও দাবি করেন, খামেনির শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক সপ্তাহের জন্য সামরিক পদক্ষেপ ও আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে দাফন বিলম্বিত হওয়ার পর, গত ৪ জুলাই (যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন) থেকে খামেনির রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ৭ জুলাই কোম শহরে ধর্মীয় অনুষ্ঠান শেষে ৯ জুলাই পবিত্র মাশহাদ শহরে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে লাখো মানুষ খামেনির শেষ বিদায়ে অংশ নিতে রাস্তায় নেমেছেন। শনিবারের অনুষ্ঠানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকেও আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। তবে নিরাপত্তা শঙ্কার কারণে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানাজায় প্রকাশ্যে উপস্থিত থাকছেন না বলে জানা গেছে।