বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে। নতুন এই দর সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ াজার ৭৭৪ টাকায় বিক্রি হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী ক্রেতাদের আলাদা মজুরি দিতে হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না। এর আগে, গত ১০ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৯০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৪ বার দাম বেড়েছে এবং ৪৫ বার কমেছে।