শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্প্যানিশরা। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পুরো ম্যাচেই একচেটিয়া আধিপত্য দেখায় স্পেন। আক্রমণ, মধ্যমাঠ ও রক্ষণ—সব বিভাগেই ব্যর্থ ছিল ফরাসিদের কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের নিয়ে গড়া আক্রমণভাগ।
ম্যাচের ২২তম মিনিটে স্পট-কিক থেকে স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। এরপর ৫৮তম মিনিটে পেদ্রো পোরোর গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্পেনের। ম্যাচের ৬৪ মিনিটে লামিন ইয়ামাল আরও একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে দিদিয়ের দেশমের শিষ্যরা ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্পেনের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি।
এই জয়ে ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারার প্রতিশোধ নিল স্পেন। পাশাপাশি নিজেদের সেমিফাইনাল জয়ের দুর্দান্ত ধারাবাহিকতাও ধরে রাখল তারা। আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।