শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে বিখ্যাত ‘অপ্টা সুপার কম্পিউটার’। দুই দলের শক্তি ও সাম্প্রতিক ফর্ম এতটাই কাছাকাছি যে, ফাইনালে ওঠার লড়াইয়ে স্পষ্ট কোনো ব্যবধান দেখাতে পারেনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
১০ হাজারেরও বেশি সিমুলেশনের পর সুপার কম্পিউটার জানিয়েছে, ফাইনালে ওঠার দৌড়ে সামান্য এগিয়ে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫১.৯ শতাংশ, আর আলবিসেলেস্তেদের সম্ভাবনা ৪৮.১ শতাংশ। নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ এবং আর্জেন্টিনার ৩২ শতাংশ। বাকি ২৯.৭ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়াতে পারে।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ১৪ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ৬ বার, আর্জেন্টিনা ২ বার এবং ড্র হয়েছে ৬টি ম্যাচ। তবে বিশ্বকাপে দুই দলের সর্বশেষ স্মরণীয় লড়াই ছিল ১৯৯৮ সালের শেষ ষোলোতে, যেখানে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। আর নির্ধারিত সময়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ জয়টি এসেছিল ১৯৮৬ বিশ্বকাপে, ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে। এরপর টানা পাঁচ দেখায় নির্ধারিত সময়ে অপরাজেয় রয়েছে ইংলিশরা।