শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের ওপর মার্কিন হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আলোচনার টেবিলে ফিরে না আসলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে আঘাত করা হবে বলে সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই কড়া বার্তা দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক সক্ষমতাগুলো লক্ষ্য করে প্রতিনিয়ত শক্ত আঘাত হানছে যুক্তরাষ্ট্র। শেষ পদক্ষেপ হিসেবে জ্বালানি লক্ষ্যবস্তুগুলোকেও ধ্বংস করার কথা বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন, চুক্তি করা ছাড়া ইরানের আর কোনো উপায় নেই। আলোচনার টেবিলে বসার একমাত্র পথ সামরিক শক্তি প্রদর্শন করা। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আক্রমণকারী ইরানি সক্ষমতা ধ্বংস করতে তারা নতুন করে হামলা চালিয়েছে এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে।
অন্যদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তি সইয়ের প্রক্রিয়া চললেও দুই দেশের মধ্যে উত্তেজনা থামছেই না। আজ বুধবার (১৫ জুলাই) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা বেশ কিছু মার্কিন অস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে।