শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক স্নায়ুচাপের পরীক্ষা পার করে আরও একটি সেমিফাইনালে আর্জেন্টিনা। সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে বাড়তি উত্তেজনা নয়, বরং ঝরেছে আত্মবিশ্বাস ও দলের প্রতি গভীর আস্থা।
আটলান্টায় সেমিফাইনালের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট জানান, ক্লান্তি নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটিকে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় ও কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হলেও, খেলোয়াড়দের ফিটনেস ও মানসিকতা নিয়ে পূর্ণ সন্তুষ্ট কোচ। স্কালোনি বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই ভেসে ওঠে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক সেই দুই গোল। তবে অতীতের ফুটবল ইতিহাস কিংবা ফকল্যান্ড যুদ্ধের রাজনৈতিক আবেগকে এই ম্যাচের সঙ্গে মেলাতে রাজি নন স্কালোনি। তার মতে, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, অন্য কিছু নয়। প্রতিপক্ষের হ্যারি কেইন ও জুড বেলিংহামকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তাদের থামানোর পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। কোনো বড় ঘোষণা বা আবেগে না ভেসে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ফাইনালের টিকিট কাটতে পুরোপুরি প্রস্তুত।