শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপি সংবিধান সংস্কার নয়, বরং সংশোধন করতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি।”
শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লব প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রতিটি অক্ষর আমরা পালন করব, এটা আমাদের অঙ্গীকার।” তিনি আরও যোগ করেন, জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের আন্দোলন নয়, এটি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা সংগ্রামেরই ফল। এই আন্দোলন যেন কেবল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
স্মরণসভায় বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কিছু দল মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে। তবে যেকোনো পরিস্থিতিতে বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।