শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য

ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । তবে এই মহারণ শুধু দুই পরাশক্তির লড়াই নয়, এটি আদতে গুরু ও শিষ্যের শ্রেষ্ঠত্বের লড়াই। ডাগআউটে স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার লিওনেল স্কালোনির এই দ্বৈরথ এখন ‘টক অব দ্য টুর্নামেন্ট’।

২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাসে কোচিং কোর্স করার সময় স্কালোনির শিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেই থেকে শুরু হওয়া এই সম্পর্কের পর স্কালোনি দে লা ফুয়েন্তেকে ‘প্রফেসর’ বলে ডাকেন, আর দে লা ফুয়েন্তেও শিষ্যকে আখ্যা দিয়েছেন ‘মায়েস্ত্রো’ হিসেবে। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির সাফল্যকে সবসময়ই প্রশংসায় ভাসিয়েছেন তার এই সাবেক শিক্ষক।

মজার বিষয় হলো, স্কালোনির ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ জুড়ে আছে স্পেন। স্প্যানিশ নারীর সঙ্গে সংসার, সন্তানদের জন্ম এবং ফুটবলার হিসেবে দেপোর্তিভো লা করুনা ও মায়োর্কার হয়ে খেলার কারণে স্পেনের প্রতি তার অন্যরকম টান রয়েছে। এমনকি ২০২৪ ইউরোর সময়েও স্পেনকে সমর্থন করেছিলেন তিনি।

তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। চেনা গুরুর মুখোমুখি দাঁড়িয়ে ইতিহাস গড়ার হাতছানি শিষ্যের সামনে। সব আবেগ দূরে ঠেলে স্কালোনি আর্জেন্টিনার জয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত। এখন দেখার বিষয়, গুরুর গোপন কৌশলে কুপোকাত হন শিষ্য, নাকি গুরুর দীক্ষা দিয়েই গুরুকে বধ করেন স্কালোনি! সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঐতিহাসিক লড়াইয়ের ফল দেখতে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com