শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত চার মাসে (১৫ মার্চ থেকে ১৭ জুলাই) এই রোগে দেশে মোট ৭৮০ জন শিশুর মৃত্যু হয়েছে । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও এক শিশু।
শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৩ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৮৭৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১৪ হাজার ২৪৪ জন। আক্রান্তদের মধ্যে মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।