রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নবম ব্যালন ডি’অরের সামনে মেসি, নাকি ইতিহাস গড়বেন ১৯ বছরের ইয়ামাল?

নবম ব্যালন ডি’অরের সামনে মেসি, নাকি ইতিহাস গড়বেন ১৯ বছরের ইয়ামাল?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের এই মহালড়াই কেবল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণেই সীমাবদ্ধ থাকছে না, বরং ফুটবল বোদ্ধাদের মতে, এই ম্যাচের ফলই ঠিক করে দেবে ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠছে। মেসি-রোনালদো যুগের পর এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে একাধিক ফুটবলার থাকলেও আলোচনার কেন্দ্রে আছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি এবং ১৯ বছরের তরুণ তুর্কি লামিন ইয়ামাল।

ইতিহাস বলছে, আন্তর্জাতিক বা বড় কোনো শিরোপা না জিতলে বিশ্বের সেরা হওয়া কঠিন। আর সে কারণেই ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটানো সত্ত্বেও হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, আরলিং হলান্ড কিংবা জুড বেলিংহামদের সম্ভাবনা এবার কিছুটা কম। অন্যদিকে উসমান দেম্বেলে ও খভিচা কোয়ারাৎসখেলিয়া আলোচনায় থাকলেও স্পটলাইট মূলত ফাইনালের দুই মহাতারকার ওপর।

লিওনেল মেসি সময়কে বুড়ো আঙুল দেখিয়ে ৮ গোল ও ৪ অ্যাসিস্টে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলেছেন। রোববার জিতলে তিনি হবেন টানা দুটি বিশ্বকাপজয়ী ইতিহাসের প্রথম অধিনায়ক, যা তাকে এনে দিতে পারে রেকর্ড নবম ব্যালন ডি’অর। অন্যদিকে, স্পেনের লুইস দে লা ফুয়েন্তের তুরুপের তাস লামিন ইয়ামাল গতবারের রানার্সআপ অবস্থান টপকে এবার শীর্ষে যেতে মরিয়া। ২০১০ সালের পর স্পেনকে ফাইনালে তুলতে অনবদ্য ভূমিকা রাখা ইয়ামালের জন্য ব্যালন ডি’অর জিততে বিশ্বকাপ জয়ের কোনো বিকল্প নেই।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com