মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে আগ্রহী নয়। ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে দাবি করে তিনি বলেন, এই রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে রাজপথের আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো দেশীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাঙ্গনগুলো এখনো পুরোপুরি রাজনৈতিক অপব্যবহার থেকে মুক্ত হয়নি। তবে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম’ বা ‘গেস্টরুম’ সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না এবং এমন চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে। তরুণদের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনের লক্ষ্যে জামায়াত আন্দোলন অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।