শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন তীব্রতর রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের মাধ্যমে দ্রুত বিচারের ঘোষণা দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা।
বুধবার মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও আন্দোলনকারী আহত হন। বৃহস্পতিবার সকালেও বিক্ষোভ অব্যাহত থাকে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করতে বাইরে থেকে উসকানিদাতা পাঠানো হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী মোদির ফাস্ট-ট্র্যাক কোর্টের ঘোষণাকে কটাক্ষ করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী তিন দফা দাবি উত্থাপন করেছেন— শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করা।