রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। নির্ধারিত ৬০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বাড়লেও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসেই ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে। আগামী ৩০ জুলাই ফলাফল প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান জানান, ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে ফল প্রকাশের চূড়ান্ত দিন নির্ধারণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই সরকারি কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ৩০ জুলাইকে ফল প্রকাশের জন্য সবচেয়ে সুবিধাজনক তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২০ মে। এবার ৯টি সাধারণ বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জনসহ মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোর তুলনায় এবার পরীক্ষা চলাকালীন বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।