বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৯৫ শতাংশ চিনিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘Journal of Food Composition and Analysis’–এ প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত খোলা ও ব্র্যান্ডেড চিনির নমুনা পরীক্ষা করে প্রতি কেজিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করেছেন গবেষক সাদিয়া আফরিন, নায়ন হোসেন ও মোস্তাফিজুর রহমান।
গবেষণায় দেখা যায়, খোলা চিনিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি (গড়ে ৪০৩টি কণা/কেজি), তবে ব্র্যান্ডেড চিনিতেও এর উপস্থিতি লক্ষণীয় (গড়ে ৩২২টি কণা/কেজি)। এসব কণার প্রায় ৬৩ শতাংশই প্লাস্টিক ফাইবার বা তন্তু। চিনি উৎপাদন, পরিশোধন, প্যাকেজিং এবং পরিবহনের কাজে ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী থেকে এই ক্ষতিকর উপাদানগুলো মিশছে বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় সাবধান করে বলা হয়েছে, চিনি গ্রহণের মাধ্যমে মানুষ অজান্তেই প্রতিদিন এসব প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করাচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।