রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র ‘নাজকা লাইনস’ দেখতে গিয়ে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ‘এরোডিয়ানা’ এয়ারলাইন্সের ‘সেসনা ক্যারাভান সি-২০৮’ মডেলের বিমানটি পুয়েবলো ভিএহো এলাকায় হঠাৎ বিধ্বস্ত হয়। নিহত ১১ জন পর্যটকের মধ্যে ৭ জন ইতালীয়, ২ জন জার্মান এবং ২ জন স্প্যানিশ নাগরিক।
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ‘নাজকা লাইনস’-এর প্রাচীন জ্যামিতিক নকশাগুলো ওপর থেকে দেখার জন্য পর্যটকরা ছোট বিমানে ভ্রমণ করেন। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, বিমানে থাকা কোনো আরোহীই বেঁচে নেই। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। উল্লেখ্য, এই অঞ্চলে ২০২২ সালে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং ২০১০ সালে ৬ জন প্রাণ হারিয়েছিলেন।